টানা এক সপ্তাহ জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমালেন আবু সাঈদ (২২)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের হায়দারপুর গ্রামে বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হায়দারপুর গ্রামের মোহাম্মদ আলী হোসেন বিনার ছেলে আবু সাঈদ গত ২৫ জানুয়ারি দুপুরে ঘাস পোড়া ওষুধ (বিষ) পান করেন। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার কিছুটা উন্নতি হলে পরিবার তাকে বাড়িতে নিয়ে আসে। তবে শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।
আবু সাঈদের পিতা জানান, আবু সাঈদ জন্মগতভাবে তৃতীয় লিঙ্গের বৈশিষ্ট্য নিয়ে বেড়ে উঠেছিলেন। এ কারণে তিনি বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা করতেন, যা তার মা পছন্দ করতেন না। পরিবার থেকে এ বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। অভিমান ও মানসিক চাপ থেকেই তিনি সবার অজান্তে বিষপান করেন বলে পরিবারের দাবি। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
প্রতিবেদক সরোজগঞ্জ