রেমিট্যান্স ক্যাটাগরিতে অনন্য অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গার কৃতী সন্তান মোহা. সাহিদুজ্জামান টরিককে সংবর্ধনা প্রদান করেছে চুয়াডাঙ্গা জেলা মৎস্য আড়ৎদার মালিক সমিতি। গতকাল সোমবার রাত ৮টায় জেলা মৎস্য আড়ৎদার মালিক সমিতির উদ্যোগে চুয়াডাঙ্গা মাছপট্টি এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৎস্য আড়ৎদার মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাহিদু হাসান ফিরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর সভাপতি, বিশ্বের অনাবাসী প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট এবং সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মোহা. সাহিদুজ্জামান টরিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছোট বা বড় যেকোনো ব্যবসায় হোক, ব্যবসা ও জীবনে শৃঙ্খলা আনতে হবে। মৎস্য ব্যবসায়ীরা এমন একটি খাতে কাজ করছেন, যার ওপর দেশের মানুষ সবচেয়ে বেশি নির্ভরশীল। ‘মাছে-ভাতে বাঙালি’- এই পরিচয়ের সঙ্গে মৎস্য ব্যবসা ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, মৎস্য ব্যবসায়ীদের সামাজিক গুরুত্ব অপরিসীম। তারা সমাজের সব বয়সী মানুষের জন্য প্রয়োজনীয় আমিষের যোগান দিয়ে থাকেন। তিনি উল্লেখ করেন, মৎস্য ব্যবসায়ীরা খুব ভোরে কাজ শুরু করে অল্প সময়ের মধ্যে ব্যবসা শেষ করেন, ফলে তাদের হাতে সময় থাকে। এই সময় কাজে লাগিয়ে চাইলে তারা মাছের ব্যবসার পাশাপাশি আরও নতুন কিছু উদ্যোগ নিতে পারেন।
সিআইপি সাহিদুজ্জামান টরিক বলেন, তিনি চুয়াডাঙ্গার মাছ খান এবং সিঙ্গাপুরেও নিয়ে যান। ব্যবসা-বাণিজ্যে আয় বাড়ানো, ভবিষ্যৎ প্রজন্মকে ভালোভাবে গড়ে তোলার বিষয়ে পরামর্শ দিতে তিনি সবসময় প্রস্তুত রয়েছেন। সততা, নৈতিকতা ও পরিশ্রমের মাধ্যমে ব্যবসা করলে ব্যক্তি, পরিবার ও সমাজ- সবক্ষেত্রেই শান্তি ও সফলতা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, অনেকেই মৎস্য ব্যবসাকে ছোট করে দেখেন, কিন্তু এ পেশাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। মৎস্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। সঠিকভাবে এই খাতকে কাজে লাগাতে পারলে প্রজন্মের পর প্রজন্ম এ ব্যবসার মাধ্যমে উন্নতির শিখরে পৌঁছাতে পারবে। প্রয়োজনে মৎস্য বিশেষজ্ঞদের নিয়ে সেমিনার আয়োজন ও মাছ রপ্তানি-আমদানির বিষয়ে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও জেলা ব্যবসায়িক ঐক্য পরিষদের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মঞ্জুরুল আলম লার্জ, সদস্যসচিব সুমন পারভেজ খান, মৎস্য আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, সহসভাপতি মনোয়ার হোসেন মনু, যুগ্ম সম্পাদক শহিদুল কদর জোয়াদ্দার, সাংগঠনিক সম্পাদক রিংকু, ক্যাশিয়ার সুরুজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক