সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা

জব্দ ট্রাকের ১৫০ সিলিন্ডার নির্ধারিত দামে বিক্রি
  • আপলোড তারিখঃ ১৬-১১-২০২৬ ইং
কালীগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ‘গ্যাস ঘর’ নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ পৌর শহরের মহিলা কলেজ এলাকায় এ অভিযান চালানো হয়।


দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানটি ঝিনাইদহ জেলায় বসুন্ধরা এলপি গ্যাসের ডিলারের অধীন একটি বিক্রয়কেন্দ্র। এর স্বত্বাধিকারী কামাল আহমেদ বাবু ওরফে ‘গ্যাস বাবু’। তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি।


প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত ১২ কেজি ওজনের প্রতিটি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা। কিন্তু ‘গ্যাস ঘর’ কালীগঞ্জের স্থানীয় ব্যবসায়ীদের কাছে প্রতিটি সিলিন্ডার ২ হাজার ৪০০ টাকায় বিক্রি করছিল। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ স্থানীয়রা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক আটকে রেখে উপজেলা প্রশাসনকে খবর দেন।


খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


ইউএনও রেজওয়ানা নাহিদ জানান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দ করা ট্রাকে থাকা প্রায় ১৫০টি গ্যাস সিলিন্ডার তাৎক্ষণিকভাবে স্থানীয় ব্যবসায়ীদের কাছে সরকার নির্ধারিত দামে বিক্রি করে দেওয়া হয়। বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য আদায় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে কৃষি অফিসে ১০০ পদ শূন্য, ব্যাহত হচ্ছে কৃষিসেবা