আলমডাঙ্গা উপজেলার আসমানখালী-ভালাইপুর সড়কের ছোট গাংনী ব্রিজের পাশে রাস্তার ধারে ভাপা পিঠা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন জহুরা খাতুন (৪০)। প্রতিদিনের সামান্য আয় দিয়ে স্বামীকে নিয়ে কোনো রকমে সংসার চালাচ্ছেন তিনি। অভাব-অনটনের মধ্যেও থেমে নেই তাঁর জীবন-সংগ্রাম।
জহুরা খাতুনের স্বামীর নাম আব্দুল জলিল। স্বামী-স্ত্রী দুজনে খাস জায়গায় বসবাস করেন। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ইতোমধ্যে ছেলে-মেয়ের বিয়ে হয়ে গেছে। বর্তমানে স্বামী-স্ত্রী দুজনের সংসার চালানোর একমাত্র অবলম্বন রাস্তার পাশে এই ছোট্ট পিঠার দোকান।
প্রতিদিন ভাপা পিঠা তৈরি করে বিক্রি করেন জহুরা খাতুন। প্রতিটি পিঠা বিক্রি করেন ১০ টাকা দরে। প্রতিদিন তাঁর পিঠা বিক্রি হয় প্রায় ২০০ থেকে ৩০০ টাকার। চাল, জ্বালানি ও অন্যান্য খরচ বাদ দিয়ে দিন শেষে লাভ থাকে মাত্র ৭০ থেকে ৮০ টাকা, কোনো দিন ১০০ টাকা। এই সামান্য উপার্জন দিয়েই চলে তাঁদের সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ।
স্থানীয় চা দোকানি কালু মণ্ডল জানান, জহুরা খাতুন দীর্ঘদিন ধরে ছোট গাংনী ব্রিজের পাশে ভাপা পিঠা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। প্রতিদিনের সামান্য আয় দিয়েই স্বামী-স্ত্রীকে সংসার চালাতে হয়। তাঁর মতো অসহায় মানুষের পাশে প্রশাসন ও সমাজের বিত্তবানদের দাঁড়ানো প্রয়োজন।
জহুরা খাতুনের এই জীবন-সংগ্রাম গ্রামীণ জনপদের অসংখ্য শ্রমজীবী মানুষের বাস্তব চিত্র তুলে ধরে। সামান্য পুঁজি আর কঠোর পরিশ্রমই তাঁর বেঁচে থাকার সম্বল।
জহুরা খাতুনের মানবেতর জীবনযাপনের বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে তাঁর পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
প্রতিবেদক হাটবোয়ালিয়া