সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির চূড়ান্ত অনুমোদন

সিএসই ও ইংরেজি বিভাগে ভর্তি হবে ৮০ শিক্ষার্থী
  • আপলোড তারিখঃ ১৬-১১-২০২৬ ইং
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির চূড়ান্ত অনুমোদন

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেয়েছে মেহেরপুর বিশ্ববিদ্যালয়। বিভাগ দুটি হলো- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইংরেজি। প্রতিটি বিভাগে ৪০ জন করে ৮০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এ অনুমোদনের খবরে বিশ্ববিদ্যালয়জুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।


গতকাল রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনপত্র বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে বিষয়টি নিশ্চিত হয়। ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত পত্রে এ অনুমোদন দেওয়া হয়। এতে Faculty of Engineering and Technologyএর অধীনে Department of Computer Science and Engineering এবং Faculty of Arts-এর অধীনে Department of English চালুর অনুমতি দেওয়া হয়েছে।


অনুমোদনপত্র পাওয়ার পরপরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি বলেন, ‘মেহেরপুরবাসীর জন্য এটি অত্যন্ত সুখবর। একই সঙ্গে সারা দেশের জন্যও এটি একটি সুখবর। এইমাত্র আমরা দুটি বিষয়ে চূড়ান্তভাবে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছি। আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সিএসই ও ইংরেজি বিভাগে ৪০ জন করে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করতে পারব।’


এর আগে গত ৬ নভেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি প্রতিনিধি দল মেহেরপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দলের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার মাত্র ৯ দিনের মাথায় বিশ্ববিদ্যালয়টি দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির চূড়ান্ত অনুমোদন পেল। এদিকে অনুমোদনের খবরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। এ উপলক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মিষ্টিমুখ করান।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে ভর্তি পরীক্ষা গ্রহণসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরুর মধ্য দিয়ে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ বাড়বে মেহেরপুরসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির চূড়ান্ত অনুমোদন