রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গভীর রাতে গাংনীর দুই সরকারি স্থাপনায় শেখ মুজিবের প্রতিকৃতি, পরে অপসারণ

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২৬ ইং
গভীর রাতে গাংনীর দুই সরকারি স্থাপনায় শেখ মুজিবের প্রতিকৃতি, পরে অপসারণ

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ ভবন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনরায় স্থাপনের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে কোনো একসময় ভবন দুটিতে প্রতিকৃতি স্থাপন করা হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কয়েকজন ব্যক্তি প্রতিকৃতিগুলো সরিয়ে ফেলেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী উপজেলা পরিষদ ভবন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করা ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিকৃতিগুলো ভাঙচুর করে সরিয়ে ফেলা হয়। এরপর শুক্রবার রাতে নতুন করে ভবন দুটিতে প্রতিকৃতি স্থাপনের ঘটনা ঘটে।


তবে কারা এবং কী উদ্দেশ্যে প্রতিকৃতিগুলো পুনরায় স্থাপন করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার হতে দেখা গেছে। সরকারি গুরুত্বপূর্ণ দুটি স্থাপনায় রাতে প্রতিকৃতি স্থাপন এবং পরে তা সরিয়ে ফেলার ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।


এ বিষয়ে গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কিছু মানুষ প্রতিকৃতিগুলো তুলে ফেলেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে, এ ঘটনায় গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



কমেন্ট বক্স
notebook

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মেহেরপুরে শিবিরের মোটরসাইকেল র‌্যালি