জীবননগরে বসতভিটার প্রবেশপথ অবরুদ্ধ করে রাখা, জমি দখলের চেষ্টা, যাতায়াতে বাধা, নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পারভিন আক্তার নামে এক নারী। এসব ঘটনার প্রতিকার, সন্তানদের নিরাপত্তা এবং স্বামীর রেখে যাওয়া সম্পত্তির ন্যায্য হিস্যা পাওয়ার দাবি জানিয়েছেন তিনি। গতকাল শনিবার বেলা সাড়ে ১০টায় জীবননগর হোটেল থ্রি স্টারের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী মাঠপাড়া গ্রামের প্রয়াত আনোয়ারুল কবিরের স্ত্রী মোছা. পারভিন আক্তার।
লিখিত বক্তব্যে পারভিন আক্তার অভিযোগ করেন, একই গ্রামের শান্তি মিয়া তাঁর বাড়ির প্রবেশপথের সামনে বাঁশের রেলিং ও ইটের দেয়াল নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। এতে তিনি ও তাঁর সন্তানরা নিজেদের বসতভিটায় স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছেন না। বাধ্য হয়ে তাঁকে অন্যত্র বসবাস করতে হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, স্বামী জীবিত থাকাকালে জমিজমা নিয়ে বিরোধ থাকলেও তাঁর মৃত্যুর পর তাঁকে ও সন্তানদের ন্যায্য জমির হিস্যা থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে।
পারভিন আক্তার জানান, তাঁদের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের জমি নিয়ে বিরোধ প্রায় ৪০ বছরের পুরোনো। তবে স্বামীর মৃত্যুর পর বিরোধ আরও জটিল হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে একাধিকবার মারধর, সামাজিকভাবে হেয় করা, অপপ্রচার ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এসব ঘটনায় প্রত্যাশিত বিচার পাননি বলেও অভিযোগ তাঁর।
তিনি বলেন, জমি পরিমাপের জন্য ইউনিয়ন পরিষদের আমিনের সহযোগিতা নেওয়ার উদ্যোগ নিলেও প্রতিপক্ষের অনুপস্থিতির কারণে তা সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত আবেদন করেছেন। আইনগত পদক্ষেপ নিতে গেলেও তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপের মুখে পড়তে হচ্ছে।
সংবাদ সম্মেলনে পারভিন আক্তার বলেন, কারও সম্পত্তি দখল কিংবা প্রতিহিংসা নয়, তিনি স্বামীর রেখে যাওয়া জমির ন্যায্য হিস্যা, সন্তানদের নিরাপত্তা এবং নিজ বসতভিটায় শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার চান।
এসময় তিনি বাড়ির প্রবেশপথ অবরুদ্ধ করার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত, জমি পরিমাপ ও সীমানা নির্ধারণ, অন্যায়ভাবে দখলের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বন্ধ প্রবেশপথ খুলে দেওয়া এবং মারধর ও নির্যাতনের অভিযোগ তদন্ত করে আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে আইন প্রয়োগের আহ্বান জানান তিনি।
জীবননগর অফিস