চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মাঠে মাঠে এখন সোনালি আমন ধানের সমারোহ। পাকা ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন। কোথাও চলছে ধান কাটা, কোথাও আঁটি বাঁধার কাজ, আবার কোথাও ভ্যানসহ বিভিন্ন যানবাহনে করে বাড়িতে ধান নিয়ে যাওয়ার ব্যস্ততা। সব মিলিয়ে গ্রামবাংলার চিরচেনা নবান্নের আমেজে মুখর হয়ে উঠেছে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম।
ইউনিয়নের কুতুবপুর, বোয়ালিয়া, ভুলটিয়া, সাহাপুর, আসান্দপুর, শিবপুর, মর্তুজাপুর ও নবীনগরসহ বিভিন্ন গ্রামের কৃষকরা এখন আমন ধান কাটা ও ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক ও কৃষিশ্রমিকদের কর্মচাঞ্চল্যে মুখর থাকছে বিস্তীর্ণ ফসলের মাঠ। সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তুলতে পেরে অনেক কৃষকের মুখে ফুটেছে স্বস্তির হাসি।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর অনেক জমিতে আমন ধানের ফলন ভালো হয়েছে। তবে সার ও জ্বালানি তেলের সংকটের কারণে কিছু কৃষক প্রয়োজন অনুযায়ী জমিতে সার প্রয়োগ ও কৃষিকাজ করতে পারেননি। ফলে প্রত্যাশা অনুযায়ী ফলন না পাওয়ার আশঙ্কাও রয়েছে তাঁদের।
কুতুবপুর ইউনিয়নের নবীনগর গ্রামের কৃষক মোশারফ হোসেন বলেন, “এবার আমি প্রায় ১০ বিঘা জমিতে আমন ধানের চাষ করেছি। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত ফলন বেশ ভালো হয়েছে। তবে সার ও তেলের সংকটের কারণে জমিতে প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করতে পারিনি। বিশেষ করে শেষ পর্যায়ে প্রয়োজনীয় সার দিতে না পারায় ধানের ফলন আরও ভালো হওয়ার সুযোগ থাকলেও তা সম্ভব হয়নি। সরকার যদি কৃষকদের জন্য সময়মতো পর্যাপ্ত সার ও জ্বালানি তেলের ব্যবস্থা করত, তাহলে আমরা আরও ভালো ফলন ঘরে তুলতে পারতাম।”
তিনি আরও বলেন, কৃষকরা দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু উৎপাদন খরচ বাড়লে এবং প্রয়োজনীয় কৃষি উপকরণ সময়মতো না পেলে কৃষকদের লোকসানের মুখে পড়তে হয়। তাই কৃষকদের স্বার্থে সার, ডিজেলসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজলভ্য ও ন্যায্যমূল্যে সরবরাহ নিশ্চিত করা জরুরি।
কৃষকদের মতে, শুধু ভালো ফলন হলেই হবে না, উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করাও প্রয়োজন। ধান কাটা, মাড়াই, পরিবহন ও শ্রমিকের মজুরিসহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বাজারে ধানের উপযুক্ত দাম না পেলে কৃষকদের প্রত্যাশিত লাভ পাওয়া কঠিন হয়ে পড়ে।
সংশ্লিষ্টদের প্রতি কৃষকদের দাবি, কৃষি উপকরণের সংকট নিরসন, সময়মতো সার ও জ্বালানি তেল সরবরাহ এবং সরকারি উদ্যোগে ন্যায্যমূল্যে ধান সংগ্রহ নিশ্চিত করতে হবে।
প্রতিবেদক সরোজগঞ্জ