চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ মালিপুকুর এলাকায় দুটি বাসের সংঘর্ষের মাঝে পড়ে রমিজ উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা–সরোজগঞ্জ সড়কের মালিপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত রমিজ উদ্দিন পার্শ্ববর্তী হাসনাহাটি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা ডিলাক্স পরিবহনটি দ্রুতগতিতে সরোজগঞ্জ মালিপুকুর এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় দুই বাসের মাঝখানে থাকা মোটরসাইকেল আরোহী রমিজ উদ্দিন সংঘর্ষের কবলে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে। তবে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে পূর্বাশা ডিলাক্স পরিবহনের কোনো যাত্রী হতাহত হননি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রতিবেদক সরোজগঞ্জ