চুয়াডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যে গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৯টায় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদর হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমিতির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সমিতির কার্যালয়ের দ্বিতীয় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় চিকিৎসক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুট। তিনি বলেন, ডায়াবেটিস এমন একটি রোগ, যা সম্পূর্ণ নিরাময়যোগ্য না হলেও নিয়মিত চিকিৎসা, সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ রোগের সঠিক চিকিৎসা ও ব্যবস্থাপনার জন্য চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের কার্যক্রমের ইতিহাস প্রায় ৫৬ বছর বা তারও বেশি সময়ের। বাংলাদেশের ডায়াবেটিস চিকিৎসাসেবার পথপ্রদর্শক জাতীয় অধ্যাপক মরহুম ডা. মোহাম্মদ ইব্রাহিমের উদ্যোগে দেশে ডায়াবেটিস চিকিৎসাসেবার প্রসার ঘটে। তাঁর লক্ষ্য ছিল, দেশের কোনো ডায়াবেটিস রোগী যেন অবহেলা কিংবা চিকিৎসার অভাবে কষ্ট না পান। রোগীরা যেন আজীবন চিকিৎসা ও নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সুস্থ ও স্বাভাবিক জীবন অতিবাহিত করতে পারেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিকিৎসক নাহিদ ফাতেমা রত্না, সমিতির অ্যাকাউন্ট্যান্ট আসিফ ইকবাল, উম্মে আতিগা আঁখিসহ সমিতির সদস্য, চিকিৎসক ও সেবাগ্রহীতারা।
সমীকরণ প্রতিবেদন