রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভিডিও বার্তায় ছাত্রীর দাবি ‘আমি অপহরণের শিকার হইনি’

দর্শনায় স্কুলছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ
  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২৬ ইং
ভিডিও বার্তায় ছাত্রীর দাবি ‘আমি অপহরণের শিকার হইনি’

দর্শনায় এক স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে নতুন মোড় নিয়েছে ঘটনা। ঘটনার তিন দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় ওই ছাত্রী দাবি করেছে, তাকে কেউ অপহরণ করেনি বা জোর করে নিয়ে যায়নি। সে স্বেচ্ছায় শাওনের সঙ্গে রয়েছে এবং স্বামীকে নিয়ে সংসার করতে চায়। বাবা-মায়ের কাছে ফিরতে আগ্রহী না হলেও তাঁরা মেনে নিলে ফিরে যাওয়ার কথা জানিয়েছে সে।


গত বৃহস্পতিবার দুপুরে দর্শনা বালিকা বিদ্যালয়-সংলগ্ন এলাকা থেকে ওই ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে শাওনসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর বাবা জসিম উদ্দিন দর্শনা থানায় লিখিত অভিযোগ করেন। জিনিয়া (১৯) দর্শনা সীমান্তবর্তী জয়রামনগর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে দর্শনা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। কাবিননামা অনুযায়ী তার বয়স ১৯ বছর বলে দাবি করা হয়েছে।


ছাত্রীর বাবা জসিম উদ্দিনের অভিযোগ, পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বিদ্যালয়-সংলগ্ন এলাকায় আগে থেকে অবস্থান করা দর্শনা মোবারকপাড়ার মৃত গদার ছেলে শাওনসহ ২-৩ জন অস্ত্রের মুখে তাঁর মেয়েকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। শাওন দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাঁকে তুলে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।


তবে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় জিনিয়া জানায়, সে অপহরণের শিকার হয়নি। কেউ তাকে জোর করে নিয়ে যায়নি। সে নিজের ইচ্ছায় শাওনের সঙ্গে রয়েছে। তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এবং সে স্বামীকে নিয়ে সংসার করতে চায়। বাবা-মায়ের কাছে ফিরতে চায় না জানিয়ে ভিডিও বার্তায় সে আরও বলে, “আমার বাবা-মা যদি মেনে নেয়, তাহলে আমি যাব।”


দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রিঙ্কুর সঙ্গে কথোপকথনেও জিনিয়া একই বক্তব্য দিয়েছে বলে জানিয়েছেন তিনি।


এদিকে শাওনের স্বজনদের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো একটি কাবিননামায় বিয়ের তথ্য ও জিনিয়ার প্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে বলে দাবি করা হয়েছে।


আব্দুল্লাহ আল মামুন রিঙ্কু বলেন, “দুই পরিবারের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি, বিষয়টি প্রেমঘটিত। তাদের বিয়ে হয়েছে বলেও জানতে পেরেছি। উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।”
দর্শনা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, কী কারণে ওই ছাত্রীকে নিয়ে যাওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রেমের সম্পর্কের কারণে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। ছাত্রীর বাবা শাওনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

ভিডিও বার্তায় ছাত্রীর দাবি ‘আমি অপহরণের শিকার হইনি’