আলমডাঙ্গা উপজেলার দুই সন্তানের জননী এক গৃহবধূকে পাবনার আটঘরিয়া উপজেলার ইসলামপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, তাঁকে শাঁখা-সিঁদুর পরিহিত অবস্থায় পাওয়া যায়। এসময় তাঁর সঙ্গে পার্থ নামের এক যুবকও ছিলেন। পরে তাঁদের আটঘরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আলমডাঙ্গার খোরদ, ছোট গাংনীসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উদ্ধার হওয়া ওই গৃহবধূর নাম মোছা. আয়েশা খাতুন (৩০)। তিনি আলমডাঙ্গা উপজেলার ১ নম্বর ভাংবাড়ীয়া ইউনিয়নের খোরদ গ্রামের ব্যবসায়ী শিলুর (৪০) স্ত্রী। তাঁর বাবার বাড়ি একই উপজেলার ছোট গাংনী গ্রামে। তাঁর বাবার নাম বদরুদ্দিন। প্রায় ১৬ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের ১২ বছর বয়সী একটি ছেলে ও ৬ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। ছেলে যশোরের একটি মাদ্রাসায় পড়াশোনা করে।
পরিবারের দাবি, গত ১০ নভেম্বর সকাল ১০টার দিকে কাউকে কিছু না জানিয়ে স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান আয়েশা। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে তাঁর খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে শুক্রবার পাবনার আটঘরিয়া উপজেলার ইসলামপুর এলাকায় তাঁর সন্ধান পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর এলাকার শুক্লা চৌকিদারের ছেলে পার্থের বাড়িতে অবস্থান করছিলেন আয়েশা। তাঁকে শাঁখা-সিঁদুর পরা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন আয়েশা ও পার্থকে আটক করেন। পরে তাঁদের আটঘরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আয়েশার স্বামী শিলু দাবি করেন, দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রীর সঙ্গে পার্থ নামের ওই যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে তাঁদের সংসারে প্রায়ই মনোমালিন্য ও ঝগড়াবিবাদ হতো। গত ১০ নভেম্বর কথা-কাটাকাটির একপর্যায়ে আয়েশা কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যান।
অন্যদিকে, আয়েশার দাবি, তাঁর স্বামী তাঁকে মারধর করে শারীরিকভাবে আঘাত করেছেন। স্বামীর ওপর অভিমান করেই তিনি বাড়ি ছেড়ে চলে যান।
প্রতিবেদক হাটবোয়ালিয়া