ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্তে পৃথক পাঁচটি অভিযান চালিয়ে ভারতীয় মদ, নেশাজাতীয় সিরাপ, ওষুধ ও কীটনাশক উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গত শনিবার ও গতকাল রোববার এসব অভিযান পরিচালনা করা হয়। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর রাত আড়াইটার দিকে উথলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭২/১-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামের একটি কলাবাগানে অভিযান চালানো হয়। হাবিলদার মো. মনোয়ারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একই দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭২/১-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানিকপুর গ্রামের মাঠে মো. কাদেরের একাঙ্গী ক্ষেত থেকে ৬৯ বোতল ভারতীয় উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। নায়েব সুবেদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এছাড়া ১৪ নভেম্বর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬৩/১-এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের তোতামিয়ার আমবাগানে অভিযান চালিয়ে ৫০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। নায়েব সুবেদার মো. রমজান আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
১৫ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫০/১-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেতবাড়িয়া গ্রামের তোবিবুরের কালাইক্ষেতের পাশ থেকে ১ হাজার ৫০ পিস ওষুধ উদ্ধার করা হয়। নায়েব সুবেদার মো. আবু বকরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
একই দিন ভোর সাড়ে ৫টার দিকে লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/১৩৮-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লড়াইঘাট গ্রামের ইমরানের আমবাগানে অভিযান চালানো হয়। সুবেদার শেখ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
সমীকরণ প্রতিবেদক