দামুড়হুদায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে সামারি ট্রায়াল শেষে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার ওসি রাসেল মিয়ার নির্দেশে উপপরিদর্শক (এসআই) জুম্মান খান সঙ্গীয় ফোর্স নিয়ে কার্পাসডাঙ্গা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পীরপুরকুল্লা নতুনপাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে মো. আব্বাস আলী ওরফে ফটিক (৪০) এবং পীরপুরকুল্লা খালপাড়া এলাকার মৃত মোজাম সরদারের ছেলে মো. বেল্টু সরদারকে (৫০) গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, একই দিন রাত ১১টা ৫ মিনিটে এসআই পবিত্র মণ্ডল সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দামুড়হুদা থানার পুড়াপাড়া গ্রামে অভিযান চালান। এ সময় নিজ বসতবাড়ির উঠান থেকে তৈয়ব আলীর ছেলে মো. ইকরামুল হোসেনকে (২৪) গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
পরে তিনজনকে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হয়। আদালত আব্বাস আলী ওরফে ফটিককে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে তাঁকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর বেল্টু সরদারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে, ইকরামুল হোসেনকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাঁকেও আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
প্রতিবেদক দামুড়হুদা