গুরুতর অসুস্থ হয়ে ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি হয়েছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ। বর্তমানে তিনি হাসপাতালের ১৪ তলার ১৪৩৮ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
গত শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় একটি প্রাইভেট কার ভাড়া করে চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। সকাল ১০টার দিকে ঢাকায় পৌঁছে ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
হাসপাতালে ভর্তি হওয়ার পর চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সাবেক এনডিসি ও বর্তমানে সরকারি কর্মচারী হাসপাতালের উপপরিচালক হাবিবুর রহমান তাঁকে সার্বিক সহযোগিতা করেছেন। তাঁর এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ড. মুন্সি আবু সাইফ।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিজের অসুস্থতার খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।
নিজস্ব প্রতিবেদক