আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন। গতকাল শুক্রবার বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত তিনি দামুড়হুদা সদর ইউনিয়নের চাঁদপুর গ্রামে পথসভা এবং গোবিন্দহুদা গ্রামে মহিলাদের উঠান বৈঠকে অংশ নেন। এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এলাকার সার্বিক উন্নয়নে তাঁর পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন।
পথসভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো না, সেটা আমরা বলব না। যেটা বাস্তবভাবে করতে পারবো, সেটাই বলবো এবং সেটাই করছি। ধানের শীষ বিজয়ী হলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।’
তিনি আরও বলেন, কোনো কাজ সফল করতে হলে দুটি বিষয় প্রয়োজন- কাজ করার ইচ্ছা এবং কাজ করার সক্ষমতা। অতীতে এই দুইয়ের অভাব ও দুর্নীতির কারণে এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এবার সেই অবস্থার পরিবর্তন হবে। বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
বাবু খান বলেন, ধানের শীষ বিজয়ী হলে এবং আপনাদের দোয়ায় তারেক রহমান প্রধানমন্ত্রী হলে, শুধু সদিচ্ছা ও উদ্যোগের অভাবে যেসব কাজ হয়নি, সেগুলো বাস্তবায়ন করা হবে। জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে মাহমুদ হাসান খান বাবু বলেন, চুয়াডাঙ্গায় শীতের সময় বেশি শীত এবং গরমের সময় প্রচণ্ড গরম পড়ে। এই সমস্যা সমাধানে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে। এতে পরিবেশ আরও সহনশীল হবে এবং মানুষের জীবনমান উন্নত হবে।
এসময় গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক। এছাড়া মাহমুদ হাসান খান বাবু ধারাবাহিকভাবে দামুড়হুদা উপজেলার বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় রাত পর্যন্ত গণসংযোগ চালিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
প্রতিবেদক দামুড়হুদা