নওগাঁয় থাকা মেয়ের কাছে পার্সেল পাঠিয়ে ফেরার সময় মেহেরপুরের গাংনীতে ইটবোঝাই স্যালো ইঞ্জিনচালিত অবৈধ ট্রলির চাপায় প্রাণ হারিয়েছেন কাল্লু মন্ডল (৬০) নামের এক কৃষক। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুরুকুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনীর বাঁশবাড়িয়া বাজার এলাকায় ঘটে এই দুর্ঘটনা। কাল্লু মন্ডল গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের নিত্যানন্দনপুর গ্রামের হর্ষ মন্ডলের ছেলে।
নিহতের ভাতিজা মণ্টু সরকার জানান, নওগাঁয় থাকা মেয়ের কাছে গাংনী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল পাঠিয়ে বাড়ি ফেরার সময় বাঁশবাড়িয়া বাজারে পৌঁছান কাল্লু মন্ডল। সেখান থেকে একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে রাস্তা পার হচ্ছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তেই বেপরোয়া গতিতে আসা একটি অবৈধ ইটবোঝাই ট্রলি তাকে চাপা দেয়। এরপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী খোকন মন্ডল জানান, বাঁশবাড়িয়া বাজারের রোড ডিভাইডারের মাঝ দিয়ে পকেট রাস্তা পার হওয়ার সময় গাংনী থেকে মেহেরপুরগামী ইটবোঝাই ট্রলিটি তাকে সজোরে চাপা দেয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রলির চালক যানটি ফেলে রেখে পালিয়ে যায়।
গাংনী থানার পরিদর্শক (ওসি) উত্তম কুমার দাস বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক গাংনী