রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় সড়কে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৮-১০-২০২৬ ইং
দামুড়হুদায় সড়কে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দামুড়হুদা উপজেলার দর্শনা-লোকনাথপুর সড়কে লোকনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের অদূরে সড়ক দুর্ঘটনায় নিহত এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করেছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ৩টার দিকে লোকনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনসংলগ্ন সড়কে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় বা চাপায় তাঁর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।


খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) পবিত্র মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে ঝিনাইদহ পিবিআইয়ের পরিদর্শক মনিরুজ্জামান ও এসআই রিফাত ইমরানের নেতৃত্বে একটি দল নিহতের পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও আঙুলের ছাপ নেয়।


পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহের মুখমণ্ডল গুরুতরভাবে বিকৃত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।


দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় তাঁর নাম-ঠিকানা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। কোনো ব্যক্তি নিখোঁজ থাকলে তাঁর স্বজনদের দামুড়হুদা মডেল থানা বা নিকটস্থ পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু