আলমডাঙ্গায় মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রানা আফান্দিকে মারধর ও তাঁর ব্যবহৃত মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বেলগাছি বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
রানা আফান্দি দৈনিক সকালের খোঁজখবর পত্রিকার সাংবাদিক। তাঁর অভিযোগ, গত কয়েক দিন ধরে তিনি এলাকায় মাদকসংক্রান্ত বিভিন্ন ঘটনা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে আসছিলেন। এসব প্রতিবেদন প্রকাশের পর থেকে তাঁকে মুঠোফোনে ও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে বেলগাছি বাজারে তাঁকে একা পেয়ে কয়েকজন পথরোধ করে মারধর করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে বেলগাছি বাজারে গেলে রাজুর নেতৃত্বে কালাম নামের এক ব্যক্তির ভাই ওল্টু এবং পোয়ামারী গ্রামের নাজমুলসহ কয়েকজন তাঁর পথরোধ করেন। একপর্যায়ে তাঁকে মারধর করে ব্যবহৃত মুঠোফোনটি কেড়ে নেওয়া হয়। পরে মুঠোফোনটি ফেরত নেওয়ার চেষ্টা করলে তাঁকে আবারও মারধর করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রানা আফান্দির দাবি, মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশের কারণে মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের কেউ কেউ তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে হুমকি দিয়ে আসছিলেন। তাঁর প্রকাশিত প্রতিবেদনগুলোর পর মাদকসংক্রান্ত মামলায় কয়েকজন গ্রেপ্তার হয়েছেন এবং আরও কয়েকজন পলাতক রয়েছেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, সাংবাদিককে মারধরের ঘটনার পর তাঁর বিরুদ্ধে নারীসংক্রান্ত অভিযোগ তোলা হচ্ছে বলেও দাবি করেছেন ভুক্তভোগী পক্ষ। তাঁদের অভিযোগ, মূল ঘটনা থেকে দৃষ্টি সরাতে এ ধরনের অভিযোগ সামনে আনা হচ্ছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, “শনিবার সন্ধ্যায় সাংবাদিক রানা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আলমডাঙ্গা অফিস