শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকূপায় খালখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী

জুলাই সনদকে বিএনপি হৃদয়ে ধারণ করে
  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০২৬ ইং
শৈলকূপায় খালখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদকে বিএনপি হৃদয়ে ধারণ করে, জুলাই সনদ বিএনপি চেতনায় ধারণ করে। বিএনপি বিশ্বাস করে, জুলাই সনদ ২০২৪-এ ছাত্র-জনতার রক্তের অক্ষরে লিখিত একটি মুক্তির সনদ। ফলে জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় ও কার্যকর। আইনমন্ত্রী আসাদুজ্জামান গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ধাওড়া গ্রামে খালখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই। জুলাই সনদ কার্যকর করতে পারবে বর্তমান এই পার্লামেন্ট। জুলাই সনদ কীভাবে কার্যকর হবে, সেটা জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। সুতরাং, জুলাই সনদ হওয়া না হওয়া গণভোট বাতিল হওয়ার ওপর নির্ভর করে না। এটা আমরা পার্লামেন্টে সুস্পষ্টভাবে বলেছি।


আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। আর এই জুলাই সনদই বলছে, আমাকে বাস্তবায়ন করো সংবিধান সংশোধনের মাধ্যমে। এটা জুলাই সনদে সুস্পষ্টভাবে লিখিত আছে। সুতরাং, যারা বলছেন গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে—এটা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য। তারা বলে, ৭২-এর সংবিধান মানি না। আমরা বলি, ৭২-এর সংবিধান জুলাই সনদের অংশ।
বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই যে জুলাই গণভোট অধ্যাদেশ বলছেন, এটাও তো রাষ্ট্রপতি স্বাক্ষরিত অধ্যাদেশ। এগুলো মানতে পারবেন, আবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনাও করতে চান। এইটা হলো জামায়াতি চরিত্র, এইটা হলো মুনাফিকি চরিত্র।’


জ্বালানি তেল সংকটে আইনি প্রয়োগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘এক শ্রেণির মানুষ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য একই মোটরসাইকেল নিয়ে একই দিন একাধিক জায়গা থেকে তেল নিচ্ছে। সেই তেল নিয়ে বাসায় গিয়ে বোতলে ভরে, ড্রামে ভরে রেখে আবার তারা তেল নিতে আসছে। আমরা এতদিন সফট (নমনীয়) লাইনে ছিলাম। আমরা বলেছি, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে সেকশন ২৫-এ যে শাস্তির বিধান করা হয়েছে, প্রয়োজনবোধে সেই শাস্তি আমরা প্রয়োগ করব। এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।’ জ্বালানি তেলের সংকট রোধে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আইনমন্ত্রী বলেন, ‘প্রশাসনকে বলছি, আপনারা কঠোর হোন। আপনাদের সঙ্গে অতন্দ্র প্রহরীর মতো আমাদের সংগঠনের নেতাকর্মীরা থাকবেন।’


খালখনন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহের শৈলকূপায় খালখনন কর্মসূচিতে অংশ নেবেন।


জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ধাওড়া গ্রামের ধলহরা খালখনন কর্মসূচির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় থাকা খাল পরিদর্শন করেন।



কমেন্ট বক্স
notebook

চোরাচালান ও তেল মজুদে কড়াকড়ি, মাঠে সক্রিয় বিজিবি