রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঠিকাদারের গাফিলতিতে পড়ে আছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়ক

চুক্তি বাতিল, দুর্ভোগে ২০ গ্রামের মানুষ
  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২৬ ইং
ঠিকাদারের গাফিলতিতে পড়ে আছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়ক

ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের সড়ক সংস্কারের কাজ পেয়েও দীর্ঘদিন কাজ শুরু করেননি ঠিকাদার। দরপত্র ও কার্যাদেশের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার দেড় বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি সংস্কারকাজ। ফলে খানাখন্দে ভরা ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার দুই উপজেলার চারটি ইউনিয়নের অন্তত ২০ গ্রামের হাজার হাজার মানুষ।


প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, রোগী ও সাধারণ যাত্রীরা। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশা থাকলেও সংস্কারকাজ শুরু না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার খর্দ্দ খালিশপুর গ্রামের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে সড়কটি চার-পাঁচ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জীবনের ঝুঁকি নিয়ে ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।


স্থানীয় মানুষের দুর্ভোগ কমাতে গত বছর সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজের দায়িত্ব পান ঠিকাদার রফিকুল ইসলাম। কিন্তু কার্যাদেশ পাওয়ার পর নানা অজুহাতে কাজ শুরু না করে সময়ক্ষেপণ করতে থাকেন তিনি। গত ১৩ এপ্রিল কাজের নির্ধারিত মেয়াদ শেষ হলেও সংস্কারকাজ শুরু হয়নি। পরে কাজ না করায় সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করে কর্তৃপক্ষ। এতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়েছে।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা মোস্তফিজুর রহমান বলেন, চার-পাঁচ বছর ধরে রাস্তাটির অবস্থা খুবই খারাপ। শুনেছিলাম সংস্কারের জন্য দরপত্র হয়েছে এবং একজন ঠিকাদার কাজ পেয়েছেন। কিন্তু এত দিন পার হলেও কাজ শুরু হয়নি। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।


কলেজ শিক্ষক শামীম হোসেন বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। খানাখন্দের কারণে প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে গিয়েও চরম সমস্যায় পড়তে হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়েও কেন সংস্কারকাজ করছে না, তা আমাদের বোধগম্য নয়।


স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান বলেন, রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘদিন ধরে শুধু আশ্বাসই পাওয়া যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। দ্রুত সংস্কারকাজ শুরু না হলে এলাকাবাসীর এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না।


এ বিষয়ে মহেশপুর উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক বলেন, কাজ না করায় সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। নতুন করে দরপত্র আহ্বায়ের প্রক্রিয়া চলছে। দরপত্রের প্রক্রিয়া সম্পন্ন হলে সড়ক সংস্কারের কাজ শুরু করা সম্ভব হবে।


উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে ঝিনাইদহের এসবিকে ও সাবদারপুর এবং চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়া ও রায়পুর ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ এখন চরমে পৌঁছেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে সড়কটির সংস্কারকাজ শুরু করা হোক।



কমেন্ট বক্স
notebook

গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে