দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়ায় সরকারি বরাদ্দের ঘর অবৈধভাবে কেনাবেচা, তালা ভেঙে দখল এবং আংশিক ভাঙার অভিযোগে আইয়ুব আলী নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা একটার দিকে এ অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন। দণ্ডপ্রাপ্ত আইয়ুব আলী উপজেলার মুক্তারপুর গ্রামের হাশেম আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়ায় সরকারের পক্ষ থেকে অন্য একজনের নামে বরাদ্দ দেওয়া একটি ঘর অবৈধভাবে কেনাবেচা করা হয়। পরে ঘরটির তালা ভেঙে দখলে নেওয়া হয় এবং আংশিক ভাঙা হয়। অভিযানে এসব অভিযোগের সত্যতা পাওয়ায় আইয়ুব আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
এর আগে ঘরটি কেনাবেচার বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা হয়। একটি ভিডিও প্রতিবেদনে আইয়ুব আলী নিজেই দাবি করেন, সাবানা নামে এক নারীর কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকায় তিনি ঘরটি কিনেছেন। তবে স্ট্যাম্পে লেনদেন হলেও ঘরটির কোনো আনুষ্ঠানিক রেজিস্ট্রি হয়নি বলেও তিনি জানান।
প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া ঘর বিক্রি, হস্তান্তর কিংবা ভাড়া দেওয়া যায় না। বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কারও ওই ঘরে বসবাসের সুযোগ নেই। এসব নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর ঘরটি থেকে দখলদারের মালামাল সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। আবার অনেকে ঘরটি যেন প্রকৃত অসহায় ভূমিহীন পরিবারের কাছে হস্তান্তর করা হয়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
প্রতিবেদক দামুড়হুদা