পিরোজপুরের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর নামাজে জানাজা ও দাফনকাজে বাধা দেওয়ার প্রতিবাদে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা দোয়েল চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, হরিণাকুণ্ডু উপজেলা কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা কমান্ডার আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দারের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মোশারফ হোসেন, সাবেক জেলা ডেপুটি কমান্ডার রেজাউল ইসলাম গেন্দা, সাবেক উপজেলা কমান্ডার মহিউদ্দীন মাস্টার, সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, আবুল হোসেন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমূল হুদা রিপনসহ অনেকে।
মানববন্ধনে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় ব্যক্তিরা বিভিন্ন ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ জানান। এসময় বক্তারা বলেন, দেশ স্বাধীনকারী একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনকাজে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও লজ্জাজনক। এটি দেশের স্বাধীনতার চেতনার প্রতি চরম আঘাত। মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও রাষ্ট্রীয় মর্যাদা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বক্তারা অবিলম্বে দেশব্যাপী মুক্তিযোদ্ধাদের সুরক্ষা ও রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করার জোরালো দাবি জানান।
ঝিনাইদহ অফিস