আলমডাঙ্গা উপজেলার মধুপুর গ্রামে অবৈধভাবে গাছ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে কারখানাটি বন্ধ করা হয়। অভিযানের সময় মালিক নিজেই কারখানার স্থাপনা ভেঙে ফেলেন। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে কারখানার সব মালামাল সরিয়ে জমি খালি করে দেওয়ার অঙ্গীকার করেন।
জানা গেছে, উপজেলার মধুপুর গ্রামের মোতালেপ মোল্লার কাছ থেকে জমি লিজ নিয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ধুলিয়া গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে মিঠু অবৈধভাবে গাছ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা গড়ে তোলেন। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে নিয়ে তিনি কারখানাটি পরিচালনা করছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ্বর চন্দ্র বিশ্বাস একটি দল নিয়ে মধুপুর গ্রামের ওই কারখানায় উপস্থিত হন। পরে তিনি ঘটনাস্থল থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মন্ডল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানকে বিষয়টি জানান।
এরপর উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় কারখানার মালিক মিঠু নিজেই কারখানার স্থাপনা ভেঙে ফেলেন। আগামী সাত দিনের মধ্যে কারখানার সব মালামাল সরিয়ে নিয়ে জায়গাটি সম্পূর্ণ খালি করে দেওয়ার অঙ্গীকারও করেন তিনি।
ভ্রাম্যমান প্রতিবেদক,আলমডাঙ্গা