বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে মহাসড়কে টায়ারে আগুন ও বিস্ফোরণ

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক
  • আপলোড তারিখঃ ০৫-১১-২০২৬ ইং
ঝিনাইদহে মহাসড়কে টায়ারে আগুন ও বিস্ফোরণ

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ভোররাতে ঝটিকা মহড়া দিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে আতঙ্কের সৃষ্টির চেষ্টা চালায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী। এসময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পটকা ও আতশবাজি জাতীয় বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে সড়কে আগুন দেয়। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে শুভ (২৫) নামে ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার ভোর ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারের কুঠিপাড়া এলাকায় এই বিশৃঙ্খল ঘটনা ঘটে। আটক শুভ কুঠিপাড়া এলাকার ইজাহার মিয়ার ছেলে।


প্রত্যক্ষদর্শী হাফিজুর রহমান জানান, ভোররাতে একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলযোগে ১৪-১৫ জনের একটি দল কুঠিপাড়া মোড়ে এসে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে। মুহূর্তের মধ্যে তারা মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে একাধিক পটকা ফুটিয়ে আতঙ্ক ছড়িয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিয়ে জড়িত সন্দেহে শুভকে ধরে ফেলে।


ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, ‘খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আলামত পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে, এটি কোনো ককটেল বিস্ফোরণ ছিল না; আতঙ্ক ছড়াতে পটকা বা আতশবাজি জাতীয় কিছু ফোটানো হয়েছিল। এ ঘটনায় জড়িত শুভ নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়েছে। ঘটনার পেছনের অন্যদের ধরতেও অভিযান চলছে।’


উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের গোপনে ঝটিকা তৎপরতার নজির এটাই প্রথম নয়। এর আগে গত জুন মাসে শহরের পায়রা চত্বরে, আগস্টে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে এবং সেপ্টেম্বরে কোটচাঁদপুরে একই কায়দায় মিছিল করে সংগঠনটি। এমনকি গত অক্টোবরের ১০ তারিখে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে বারবার নিষিদ্ধ ছাত্রলীগ তাদের কর্মসূচি চালিয়ে গেলেও দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তারে পুলিশ ব্যর্থ হচ্ছে। আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হারে সক্রিয় রয়েছে। এমনকি তারা ঝিনাইদহ জেলা বিএনপির শীর্ষ নেতাদের হুমকিও দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।



কমেন্ট বক্স