শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকারে সংবাদ সম্মেলন করা সেই মাদক সম্রাজ্ঞী মা-মেয়ে আটক

  • আপলোড তারিখঃ ০২-১০-২০২৬ ইং
মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকারে সংবাদ সম্মেলন করা সেই মাদক সম্রাজ্ঞী মা-মেয়ে আটক

আলমডাঙ্গা থানা-পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী মা-মেয়ে মিনি ও মায়াকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা রেলস্টেশন কলোনিতে অভিযান চালিয়ে মা-মেয়েকে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করা হয়।


জানা গেছে, আলমডাঙ্গা শহরের স্টেশনপাড়ার আলাউদ্দিনের স্ত্রী মাদক সম্রাজ্ঞী মিনি খাতুন ও মেয়ে মায়া খাতুন দীর্ঘ বছর ধরে মাদক ব্যবসা করে আসছে। মিনির নামে ১৬টি ও মায়ার নামে ১২টি মাদক মামলা রয়েছে। মিনি খাতুন আলমডাঙ্গা রেল স্টেশন এলাকায় সকল প্রকার মাদক বিক্রয় করে বলে জানা গেছে। সে একাধিকবার জেলও খেটেছে। একাধিকবার মাদকসহ পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। তবে কয়েকদিন পর সে জামিন নিয়ে বাড়ি এসে আবারও মাদক ব্যবসা শুরু করে।


শুধু মিনিই না তার পরিবারের সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। বেশ কয়েক বছর আগে মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে মায়ার স্বামী ওল্টুকে গুলি করে হত্যা করেছিল মাদক ব্যবসায়ী চক্র। এ বছরের শুরুর দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ মেহেদী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একাধিক মামলার আসামি মাদক সম্রাজ্ঞী মিনিকে ২ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা প্রদান করে। জরিমানা অনাদায়ে তাকে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছিল। তারা জামিনে মুক্তি নিয়ে এলাকায় ফিরে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার করে বিভিন্ন অনলাইন পেজে করেছিলেন সংবাদ সম্মেলন। তারপরও থেমে থাকেনি মিনি, নানা কৌশল পরিবর্তন করে চালিয়ে যাচ্ছেন মাদক ব্যবসা।


পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমান তার সঙ্গীয় এসআই তাইজুল হক ও এএসআই জামির আলী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রেল স্টেশন এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিনি খাতুন ও মায়া খাতুন পালানোর চেষ্টা করে। পালানোর সময় তারা তাদের নিকটে থাকা মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট একটি বালুর গাদার মধ্যে পুতে রাখার সময় পুলিশ তাদের আটক করে। আটকের পর তাদের স্বীকারোক্তিতে বালুর মধ্যে থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত