দামুড়হুদা উপজেলার লোকনাথপুর ও পরানপুর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক মিঠু (৪২) নিহত ও আরোহী আলামিন (৩০) গুরুতর আহত হয়েছেন। মিঠু পরানপুর বেলে মাঠ পাড়ার ইনামুলের ছেলে এবং আহত আলামিন দর্শনা পাঠান পাড়ার জসিমের ছেলে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পরানপুর ও লোকনাথপুর সড়কের পোল্ট্রি ফার্মের মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মিঠু ও আলামিন একটি মোটরসাইকেলযোগে পরানপুর থেকে লোকনাথপুরের দিকে যাচ্ছিলেন। তারা লোকনাথপুর পোল্ট্রি ফার্মের মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিঠু নিহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী আলামিন গুরুতর আহত হন।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের টিম আহত আলামিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত মিঠুর লাশ উদ্ধার করে রিপোর্টের জন্য দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ইজাজ সিদ্দিক তম্ময় সড়ক দুর্ঘটনার রিপোর্ট দিলে পুলিশ নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করেন।
এদিকে মিঠুর অকাল মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার পরিবার ও বেলে মাঠ পাড়ায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসীর ধারণা, মাদক সেবন অবস্থায় মোটরসাইকেলটির অতিরিক্ত গতির কারণে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দীন বলেন, আমরা লাশ উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। কর্তব্যরত চিকিৎসক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে রিপোর্ট দিলে নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়। আহত আরেকজন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেদক দামুড়হুদা