সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে। গতকাল মঙ্গলবার ব্যাটালিয়নের অধীনস্থ ফুলবাড়ী, বড়বলদিয়া, আনন্দবাস, দর্শনা ও জগন্নাথপুর বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ১৪৭ বোতল ভারতীয় এসকাফ সিরাপ, ৫০০০ পিস ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৭ বোতল ভারতীয় মদ, ১৫৩ পিস ভারতীয় কসমেটিকস এবং ১০ কেজি ভারতীয় কিশমিশ। আটককৃত মালামালের সিজার মূল্য ১৬ লাখ ১৮ হাজার ৭৯০ টাকা। এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান বলেন, ‘দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সমীকরণ প্রতিবেদক