সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে। গতকাল সোমবার ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা, মুন্সিপুর, আইসিপি এবং ফুলবাড়ী বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়।
জব্দ মালামালের মধ্যে রয়েছে ১৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২০০ পিস ভারতীয় ক্রীম, ৩ বক্স ভারতীয় চিকিৎসাসামগ্রী, ২ পিস ভারতীয় শাড়ী, ৩৪৮ পিস ভারতীয় কসমেটিক্স, ৯.৯ কেজি পারদ এবং ১টি মোটরসাইকেল। আটককৃত মালামালের সিজার মূল্য ১২ লাখ ৪১ হাজার ১০০ টাকা। এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান বলেন, ‘দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সমীকরণ প্রতিবেদক