‘বন নেই, নদী নেই, পানি নেই, জীবন নেই’- এই আহ্বানকে সামনে রেখে আলমডাঙ্গায় বিশ্ব নদী দিবস-২০২৬ পালিত হয়েছে। নদী, পানি ও পরিবেশ রক্ষায় তরুণদের সম্পৃক্ততা বাড়ানো এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে যুব ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার জিকে ক্যানেলের পাশে র্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২৫ জন শিক্ষার্থীসহ যুব ফোরামের সদস্য ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
যুব ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আসাদুজ্জামান লিমনের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাহবুব আলম এবং যুব ফোরামের উপদেষ্টা মো. আজিজুর রহমান।
আলোচনা সভায় মো. আসাদুজ্জামান লিমন বলেন, খুলনা বিভাগের ১০টি জেলায় একযোগে বিশ্ব নদী দিবসের কর্মসূচি আয়োজন করা হয়েছে। নদী, পানি, বন ও পরিবেশ রক্ষায় তরুণদের সম্পৃক্ত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, নদী শুধু পানি প্রবাহের পথ নয়; এটি মানুষের জীবন, জীববৈচিত্র্য, পরিবেশ ও ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই নদী রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে এবং তরুণদের সচেতনতার পাশাপাশি কার্যকর উদ্যোগেও এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথি এসআই আমিনুর রহমান বলেন, নদী ও পরিবেশ রক্ষায় তরুণদের এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুলনা বিভাগের ১০টি জেলায় একযোগে বিশ্ব নদী দিবস পালনের উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও তরুণরা পরিবেশ সুরক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশেষ অতিথি ড. মো. মাহবুব আলম বলেন, নদী, পানি, বন ও পরিবেশ পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। নদী ও জলাধার রক্ষায় স্থানীয় পর্যায়ে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণদের সম্পৃক্ত করে যুব ফোরামের এ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে। যুব ফোরামের উপদেষ্টা মো. আজিজুর রহমান বলেন, তরুণদের নেতৃত্বে নদী ও পরিবেশ রক্ষার উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন। এ ধরনের কার্যক্রমে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন যুব ফোরামের যুগ্ম সম্পাদক তানিয়া আফরোজ, সদস্য জান্নাতুল ফেরদৌস চুমকি, মাহফুজুর রহমান, সবুজ, তুষার, মুগ্ধসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবক। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা নদী ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদী, বন ও জলসম্পদ সংরক্ষণের অঙ্গীকার করেন তারা।
যুব ফোরামের উদ্যোগে একই দিনে খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় নদী ও জলসম্পদ রক্ষায় মানববন্ধন, সচেতনতামূলক ও জনসম্পৃক্ততামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ব নদী দিবস-২০২৬-এর এ উদ্যোগে প্রধান সহযোগী ছিল বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বেলা)। সহযোগী অংশীদার হিসেবে ছিল মিশন গ্রিন বাংলাদেশ ও ন্যাশনাল ইয়ুথ ফোরাম।
প্রতিবেদক, আলমডাঙ্গা