চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের পৃথক অভিযানে বিস্ফোরক ও নাশকতার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে সমর্পণ করা হয়।
গ্রেপ্তার দুজন হলেনÑচুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামের মৃত মনিরউদ্দীন মন্ডলের ছেলে মো. দুলুউদ্দীন (৬৫) এবং জিবনা গ্রামের মৃত লুৎফর রহমান বিশ্বাসের ছেলে মো. মিলন আলী ওরফে মতিকুর রহমান মিলন (৪৮)।
পুলিশ জানায়, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হিমেল রানার নেতৃত্বে অভিযান চালিয়ে নতুন ভান্ডারদহ গ্রামের নিজ বাড়ি থেকে দুলুউদ্দীনকে রাত ১২টা ৫০ মিনিটের দিকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর থানার এফআইআর নং-২০, তারিখ ২০ আগস্ট ২০২৪-এর মামলার তদন্তে প্রাপ্ত আসামি।
অপর অভিযানে এসআই মো. শরীয়তুল্লাহ ভূঁইয়ার নেতৃত্বে জিবনা গ্রামের নিজ বাড়ি থেকে মো. মিলন আলী ওরফে মতিকুর রহমান মিলনকে রাত ১টা ৩৫ মিনিটের দিকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর থানার এফআইআর নং-১৩, তারিখ ১৯ আগস্ট ২০২৪-এর মামলার তদন্তে প্রাপ্ত আসামি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সমর্পণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক