চুয়াডাঙ্গায় ১ গ্রাম গাঁজা ও ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ টুটুল হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে মাদক সেবন করে মাকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে রানা ইসলাম (২৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত তাদের সাজা দিয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে চুয়াডাঙ্গা সদর থানার পশুহাটপাড়া ও মাখালডাঙ্গা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার টুটুল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার পশুহাটপাড়া এলাকার শুকুর আলীর ছেলে। তার কাছ থেকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপর গ্রেপ্তার রানা ইসলাম মাখালডাঙ্গা বাগানপাড়া এলাকার রাশিদুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার এসআই অভিজিৎ সিংহ রায়ের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে পশুহাটপাড়ার আবু কালাম আজাদের বাড়ির উঠানে এবং মাখালডাঙ্গা গ্রামের রেবেকা বেগমের বাড়িতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ টুটুল হোসেনকে এবং মাদক সেবন করে মাকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে রানা ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সামারি ট্রায়াল আদালতে হাজির করা হলে টুটুল হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৯(ক)/১৯(ক) ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে রানা ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারাসহ দণ্ডবিধির ৩২৩/৫০৬ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক