‘মাদক ব্যবসায়ীদের স্থান মাঠে, না হয় কারাগারে’Ñএই স্লোগানকে সামনে রেখে দর্শনার আকন্দবাড়িয়া গ্রামে মাদকবিরোধী মহড়া অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করার ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার রাত ১০টার দিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় পুলিশ সুপার সশরীরে আকন্দবাড়িয়া গ্রামের বিভিন্ন সড়ক ও মহল্লায় উপস্থিত হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেন। পরে আকন্দবাড়িয়া ফার্মপাড়ার একটি চায়ের দোকানে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, মাদকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। কোনো মাদক ব্যবসায়ী বা মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের স্পষ্ট করে বলতে চাইÑমাদক ব্যবসা ছাড়ুন, নইলে আপনাদের স্থান হবে মাঠে, না হয় কারাগারে।”
তিনি আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে। তাই মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। আপনার এলাকার কোথাও মাদক বিক্রি বা মাদক কারবারের তথ্য থাকলে পুলিশকে জানান। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। সম্মিলিত প্রচেষ্টায় চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করা সম্ভব।
পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
মহড়ায় উপস্থিত ছিলেন দামুড়হুদা, দর্শনা ও জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নুরুল্লাহ, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা, আকন্দবাড়িয়া গ্রামের মাদক নির্মূল কমিটির আহ্বায়ক মুন্নাফ হোসেন এবং দর্শনা থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।
স্থানীয়রা জানান, পুলিশের এ ধরনের সরাসরি মহড়া ও কঠোর বার্তায় এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মাদক নির্মূলে পুলিশের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
নিজস্ব প্রতিবেদক