খসড়া নিরাপদ খাদ্য প্রবিধানমালা ২০২৬ দ্রুত চূড়ান্তকরণ এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ)-এর সহযোগিতায় রিসোর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন, খাদ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং জনস্বার্থে খসড়া নিরাপদ খাদ্য প্রবিধানমালা ২০২৬ দ্রুত চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ ও বাস্তবায়নের সমর্থনে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের আবেদনপত্র সংগ্রহ করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করার বিষয়ে অ্যাডভোকেসি করা হয়। এসময় তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এটি অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি বলেন, প্রতিদিন মোড়কজাত খাবার ও পানীয় গ্রহণের মাধ্যমে মানুষ অজান্তেই অতিরিক্ত চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ করছে। এর ফলে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। এসব রোগ নিয়ন্ত্রণে এই প্রবিধানমালা ২০২৬ দ্রুত চূড়ান্ত করে জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা প্রয়োজন। এসময় তিনি দাবির সমর্থনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্যাডে এই প্রবিধানমালা ২০২৬ দ্রুত চূড়ান্তকরণ এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে তাঁর স্বাক্ষরিত একটি আবেদনপত্র উপস্থিত নেতৃবৃন্দের হাতে তুলে দেন।
সিএলপিএর সহযোগিতায় রিসোর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিম, রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, নারী নেত্রী জাহানারা বেগম, জেলা কৃষক জোটের নির্বাহী সদস্য ইয়াকুব আলী জোয়ার্দ্দার, দৈনিক খাস খবরের স্টাফ রিপোর্টার শেখ লিটন, উন্নয়নকর্মী সাধন কুমার করসহ নাগরিক প্রতিনিধিরা।
সমীকরণ প্রতিবেদক