চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্প। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে গ্রেপ্তারকৃত দুজনকে পৃথকভাবে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই নওশাদ মাহফুজের নেতৃত্বে পুলিশের একটি দল চুয়াডাঙ্গা সদর থানাধীন পিরোজখালী গ্রাম থেকে ডিঙ্গেদহ সড়কের নবগঙ্গা ছোট ব্রিজের ওপর বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. ইলিয়াস হোসেন (২৮) এবং মো. আব্দুল হাকিমকে (১৮) আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা আলামত জব্দ তালিকামূলে জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী মামলা/আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। পরবর্তীতে সামারি ট্রায়াল আদালত তাদের প্রত্যেককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
প্রতিবেদক সরোজগঞ্জ