দামুড়হুদা উপজেলার বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সার, বীজ, হোটেল, ওষুধ, মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানে কার্পাসডাঙ্গার মেসার্স গাউছিয়া স্টোরকে মূল্যতালিকা সঠিকভাবে প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক মো. আব্দুল হাই সিদ্দিক। এছাড়া আয়োডিনবিহীন লবণ ব্যবহার করে রান্না করার অপরাধে দামুড়হুদা বাজারের মেসার্স ভাই ভাই হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক মো. লিটন আলী।
অন্যদিকে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা, লাইসেন্স ছাড়া দই তৈরি এবং অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি সংরক্ষণ ও বাজারজাত করার অভিযোগে দামুড়হুদা বাজারের মেসার্স সেলিম মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক মো. সেলিম উদ্দীন। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিন প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশু খাদ্য বিক্রি না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
প্রতিবেদক দামুড়হুদা