চুয়াডাঙ্গায় মাদক বিরোধী পৃথক অভিযানে গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার এবং মাদক সেবন করে জনশান্তি নষ্ট ও বিরক্তিকর আচরণের অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সামারি ট্রায়াল আদালতের মাধ্যমে ছয়জনকেই কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর থানার হকপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে হকপাড়ার সেলিনার গলিতে রিতা খাতুনের বাড়ির সামনে পাকা সড়ক থেকে রিতা খাতুন (২৩) ও হোসনা খাতুন (২৫) নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী সামারি ট্রায়াল আদালত দুজনকেই ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাদের আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে শাকিল খান আকাশ (২৯), আসাদুল হক মিণ্টু (৪৮), হযরত আলী (৪২) ও রাজু আহম্মেদ (২৯) নামের আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, তারা মাদক সেবন করে বেসামাল অবস্থায় জনসাধারণের শান্তি নষ্ট ও বিরক্তিকর আচরণ করছিলেন। পরে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় সামারি ট্রায়াল আদালত তাদের প্রত্যেককে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালান বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সমীকরণ প্রতিবেদক