শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বারাদীর বিএডিসি সার গুদামের ঢালাই কাজে নিম্নমানের সামগ্রী

কাজ বন্ধের পরও বদলায়নি সামগ্রী, ফের শুরু
  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০২৬ ইং
বারাদীর বিএডিসি সার গুদামের ঢালাই কাজে নিম্নমানের সামগ্রী

মেহেরপুরের বারাদীতে নির্মাণাধীন বিএডিসির ৪ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার পিএফজি সার গুদামের মেঝে ঢালাই কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শনে যান উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত নেতারা। উপজেলা জামায়াতের সেক্রেটারি জাব্বারুল ইসলাম জানান, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দীন খানের কাছে অভিযোগ পৌঁছালে তার প্রতিনিধি হিসেবে তারা ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে নিম্নমানের ইট ব্যবহারের সত্যতা পাওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয় এবং ইট পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়।


তবে স্থানীয়দের অভিযোগ, প্রায় পাঁচ দিন কাজ বন্ধ থাকার পর বৃহস্পতিবার আবারও একই ইট ব্যবহার করেই মেঝে ঢালাই শুরু হয়েছে। এতে কাজের মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। এসময় বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী একরামুল হকের উপস্থিতিতে ঢালাই কাজ চলতে দেখা যায়। তিনি দাবি করেন, নির্মাণকাজে এক নম্বর ইট ব্যবহার করা হয়েছে।


এদিকে, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে এফএমএপি বাস্তবায়নকারী প্রকল্প পরিচালক মজিবর রহমান খান মুঠোফোনে বলেন, ‘নিম্নমানের সামগ্রী ব্যবহারের কোনো সুযোগ নেই। কাজের মান কোনোভাবেই খারাপ করা যাবে না। বিষয়টি আমি দেখছি।’ তবে স্থানীয়দের দাবি, অভিযোগ ওঠার পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।


ঠিকাদারি প্রতিষ্ঠানের এক প্রকৌশলী জানান, বিষয়টি নিয়ে জামায়াত নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। ভবিষ্যতে আর কোনো তিন নম্বর ইট ব্যবহার করা হবে না- এমন আশ্বাস দেওয়ার পরই কাজ চালানোর অনুমতি দেওয়া হয়েছে। বারাদী ইউনিয়ন জামায়াতের আমির আসাদুজ্জামান বলেন, ‘ঠিকাদারি পক্ষ ভুল স্বীকার করে অনুরোধ জানিয়েছে। তাই সীমিত পরিসরে ওই কাজের অনুমতি দেওয়া হয়েছে। তবে পরবর্তী সব কাজ সিডিউল অনুযায়ী হচ্ছে কি না, তা নেতৃবৃন্দ তদারকি করবেন।’



কমেন্ট বক্স
notebook

​আলমডাঙ্গায় মাঠ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ঝিনাইদহ থেকে উদ্ধার, গ্রেফতার ২