মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর সেনেরহুদায় পুকুরে ডুবে গরু ব্যবসায়ীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১২-০৭-২০২৫ ইং
জীবননগর সেনেরহুদায় পুকুরে ডুবে গরু ব্যবসায়ীর মৃত্যু

জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে ভেসে থাকা মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন আরিফুল ইসলাম আরিফ (৩৫) নামে এক গরু ব্যবসায়ী। গতকাল শুক্রবার দুপুরে সেনেরহুদা গ্রামের কানাপুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার আইজেল আলীর ছেলে। পেশায় তিনি গরু ব্যবসায়ী এবং চাষাবাদ করতেন।


স্থানীয়রা জানান, গতকাল দুপুরে গোসল করতে গিয়ে পুকুরের মাঝখানে ভেসে থাকা একটি বড় মরা মাছ দেখতে পান আরিফ। মাছটি তুলতে পুকুরের গভীর অংশে গেলে হঠাৎ পানিতে তলিয়ে যান তিনি। খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না গেলে স্থানীয়রা জীবননগর ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করেন।


স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি ভ্যানে করে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে পৌঁছাতেই স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এদিকে, পরিবারের পক্ষে থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ গ্রামের সুধীমণ্ডলী ও পরিবারের কাছ থেকে কাগজে স্বাক্ষর করে নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার জন্য অনুমতি দেয়। গতকাল রাত সাড়ে নয়টায় সেনেরহুদা ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে সেনেরহুদা জান্নাতুল খাদরা কবরস্থানে সমাহিত করা হয়।



কমেন্ট বক্স
notebook

যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা