আলমডাঙ্গায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৫০ পিস অবৈধ ও নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার খাসকররা ইউনিয়নের রায়সা বোয়ালিয়া বিলে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
জানা গেছে, উপজেলার খাসকররা ইউনিয়নের রায়সা গ্রামের বোয়ালিয়া বিলে নতুন পানি এসেছে। এ পানি আসায় স্থানীয় কিছু সুবিধাবাদী মানুষ চায়না দোয়ারী জাল দিয়ে বাচ্চা থেকে শুরু করে সব ধরনের মাছ মেরে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলাম (অতিরিক্ত দায়িত্ব), চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী এবং জামজামি ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই সঞ্জিত কুমার, খাসকররা ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ জসিম উদ্দিন ও তিওরবিলা ক্যাম্পের এএসআই রেজাউল ইসলামের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স রায়সা বোয়ালিয়াসহ আশপাশের বিলে অভিযান চালায়।
অভিযানে রায়সা বোয়ালিয়া ও আশপাশের বিল থেকে অবৈধ প্রায় ৫০টি চায়না দোয়ারী জাল জব্দ করেন। পরে জনগণকে সচেতন করার জন্য জব্দকৃত জাল রায়সা বাজারের পাশে একটি ফাঁকা জায়গায় নিয়ে প্রকাশে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি আশীষ কুমার বসু বলেন, এর আগেও এই এলাকায় এমন অবৈধ জাল উদ্ধার করে নষ্ট করা হয়েছে, আজও উদ্ধার করে নষ্ট করা হলো ও জনগণকে সচেতন করা হলো। পরবর্তীতে এই নিষিদ্ধ জাল ব্যবহার করলে ব্যবহারকারীকে আইনের আওতায় আনা হবে।
ভ্রাম্যমান প্রতিবেদক,আলমডাঙ্গা