দর্শনায় হরিজন সম্প্রদায়ের মাঝে রান্নাবান্নার ডেকোরেটর সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা থানা শাখা। গতকাল বৃহস্পতিবার এই কর্মসূচি বাস্তবায়িত হয়। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল ডেস্কি ৫টি, জগ ৫টি, গ্লাস ৫০টি ও প্লেট ৫০টি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী মো. রুহুল আমিন।
আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি মো. আব্দুল কাদের, দর্শনা থানা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, দর্শনা পৌর শাখার আমির সাহিকুল আলম অপু, জাহিদুল ইসলাম, দবির হোসেনসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। ডেকোরেটর সামগ্রীগুলো হরিজন সম্প্রদায়ের ভারপ্রাপ্ত সভাপতি রং লাল মিয়া ও সদস্য দিলীপ কুমারের হাতে তুলে দেওয়া হয়।
একই দিনে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের উদ্যোগে দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ১০টায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন। অনুষ্ঠানটি আয়োজন করেন দামুড়হুদা যুব জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক। চারা বিতরণের আগে শিক্ষার্থীদের উদ্দেশে জেলা আমির বলেন, ‘তোমরা বড় হয়ে নামাজ পড়বে, কুরআন শিখবে, কখনো মিথ্যা কথা বলবে না। আজ আমরা তোমাদের একটি করে ফলের গাছ দিয়েছি- তোমরা তা বাড়িতে লাগাবে, ফল ধরলে সবাইকে ভাগ করে খাওয়াবে।’ পরে স্কুল চত্বরে আমগাছের একটি চারা রোপণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, কেন্দ্রীয় মাজলিসুল মুফাসসিরীন সদস্য মাওলানা আবুজার গিফারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খাতুন, সহকারী শিক্ষক মুসলিমা খাতুন, বুলবুলি খাতুন, শারমিন আক্তার, উম্মে রোমানা খাতুন, দিলরুবা আফরোজসহ স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। চারা বিতরণ কর্মসূচির আগে কাদিপুর গ্রামেই জামায়াতে ইসলামী কাদিপুর শাখার নতুন অফিস উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা আমির মো. রুহুল আমিন।
নিজস্ব প্রতিবেদক