জীবননগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ওয়েল্ডিং মিস্ত্রি মিঠু মিয়া (২৮) অবশেষে মৃত্যুবরণ করেছেন। গতকাল বুধবার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিঠু মিয়া উপজেলার হাসাদাহ ইউনিয়নের পুরন্দপুর গ্রামের হতদরিদ্র ফজলু মণ্ডলের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৬ মে নিজ মহল্লার মসজিদের ছাদে গ্রীল ঝালাইয়ের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর অবস্থায় তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতাল হয়ে তাকে ঢাকা বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
প্রায় ৪৫ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে গতকাল বুধবার সকালে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর মাঝেও শোকের পাশাপাশি ক্ষোভ দেখা গেছে। নিহত মিঠু ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন
প্রতিবেদক হাসাদাহ