মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর ও জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

১১ বাংলাদেশি আটক, তিনজনকে ফেরত দিল বিএসএফ
  • আপলোড তারিখঃ ০৪-০৭-২০২৫ ইং
মহেশপুর ও জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক বিরোধী অভিযান ও নিয়মিত টহলে এক দিনে ১৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং ভারতে অনুপ্রবেশকালে এক নারীসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক ৬টি অভিযান চালানো হয়। এর মধ্যে চারটি অভিযানে ভারতীয় মদ উদ্ধার এবং বাকি দুটি অভিযানে অবৈধভাবে সীমান্ত পেরোনোর চেষ্টাকালে ১১ জন বাংলাদেশিকে আটক করা হয়।


বিজিবি জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত পিলার ৭১/এমপি থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মো. বাবু হোসেনের আমবাগান থেকে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন নায়েক মো. জসিম উদ্দিনের নেতৃত্বাধীন দল। একই দিন রাত ১২টা ৪৫ মিনিটে মহেশপুরের যাদপুর সীমান্তের গোপালপুর গ্রামের কলাবাগান থেকে ৫১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. ওসমান হোসেন। এছাড়া জীবননগর উপজেলার রাজাপুর বিওপি ভোর সাড়ে ৪টার দিকে সিংনগর গ্রামের একটি আমবাগান থেকে হাবিলদার মো. আব্বাস আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে আরও ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।



এদিকে, গত বুধবার বিকেল ৬টার দিকে কুসুমপুর বিওপির অধীনস্ত চাপাতলা গ্রামের আমবাগান থেকে এক নারীকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. মোশারফ হোসেন। একই দিন শ্রীনাথপুর বিওপি রাত সাড়ে ৭টার দিকে একই গ্রামের পাকা রাস্তা থেকে ৭ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী এবং ৩ শিশু রয়েছে। আটককৃতরা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া খোসালপুর বিওপি বিকেল ৫টার দিকে মাইলবাড়ীয়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে সঞ্জয় সরকার (৪২) ও তার সঙ্গে থাকা এক শিশুকে আটক করা হয়। তারা নড়াইল জেলার বাসিন্দা।


মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম জানিয়েছেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুযায়ী সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত অতিক্রমের সময় আটককৃতদের আইনগত প্রক্রিয়ায় স্থানীয় থানায় হস্তান্তর করা হবে।’ তিনি আরও জানান, সীমান্তে অবৈধ পারাপার ও মাদক চোরাচালান রোধে বিজিবি’র তৎপরতা আরও জোরদার করা হয়েছে।


এদিকে, ভারতে অনুপ্রবেশকালে আটক হওয়া তিন বাংলাদেশি নাগরিককে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে। গতকাল বৃহস্পতিবার মহেশপুর সীমান্তে পৃথক সময়ে এ ঘটনা ঘটে। বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, ভারতীয় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন দুটি ক্যাম্প-জোড়পাড়া ও শীলবাড়ী থেকে ওই তিন বাংলাদেশিকে ফেরত দেওয়া হয়।



গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে জোড়পাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার মহেশপুরের বাঘাডাঙ্গা বিওপি কমান্ডারকে জানান, সীমান্ত পিলার ৬২/২-এস এলাকায় ভারতের অভ্যন্তরে প্রবেশকালে দুই বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে। পরে তাদের বিস্তারিত পরিচয় ও যোগাযোগ নম্বর বিজিবিকে সরবরাহ করে হস্তান্তরের অনুরোধ জানানো হয়। একই দিন বিকেল ৪টার দিকে শূন্য রেখার কাছে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ দুই নারীকে বিজিবির কাছে হস্তান্তর করে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।


এদিকে, একই দিন সকাল ৮টার দিকে শীলবাড়ী বিএসএফ ক্যাম্প থেকে কুমিল্লাপাড়া বিওপি কমান্ডারকে জানানো হয় যে, একজন বাংলাদেশি পুরুষ নাগরিককে সীমান্ত পিলার ৬০/৫১-আর এলাকার কাছাকাছি ভারতীয় এলাকায় প্রবেশের সময় আটক করা হয়েছে। পরবর্তীতে দুপুর ১২টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে শূন্য রেখা সংলগ্ন স্থান থেকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। তিনিও এখন আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে।


মহেশপুর-৫৮ বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সীমান্তে মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হয়েছে। আটক বাংলাদেশি নাগরিকদের বিষয়ে স্থানীয় থানায় নিয়ম অনুসারে ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।



কমেন্ট বক্স
notebook

যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা