মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পাখিভ্যান থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৪-০৭-২০২৫ ইং
আলমডাঙ্গায় পাখিভ্যান থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

আলমডাঙ্গা শহরের হাই রোডে পাখিভ্যান থেকে পড়ে হান্নান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা থানার সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হান্নান উপজেলার কালিদাসপুর ইউনিয়নের দক্ষিণপাড়ার মৃত রাজ্জাক আলীর ছেলে। তিনি আলমডাঙ্গার একটি আড়তে শ্রমিকের কাজ করতেন। ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।


আলমডাঙ্গার হাউসপুর গ্রামের ভ্যানচালক শামিম বলেন, ‘আমি আমার বোনকে স্টেশনে পৌঁছে দিতে যাচ্ছিলাম। পথে হাই রোড মোড়ে দাঁড়ালে হঠাৎ ওই ব্যক্তি পেছন থেকে ভ্যানে উঠে পড়ে। আমি বলেছিলাম, যাত্রী নেব না। তিনি জোর করে উঠে বলেন, সামনের পানের দোকানে যাবেন। থানার সামনে পৌঁছাতেই হঠাৎ গাড়ি থেকে পড়ে যান।’


ভ্যানের যাত্রী বৃষ্টি খাতুন বলেন, ‘আমি স্টেশনে যাওয়ার জন্য ভ্যানে উঠেছিলাম। মোড়ে পৌঁছালে ওই ব্যক্তি জোর করে ভ্যানে ওঠেন। তাঁর মুখে প্রচণ্ড গন্ধ ছিল, সম্ভবত মদ্যপ ছিলেন। থানার সামনে আসতেই হঠাৎ পড়ে যান। আমরা পথচারীদের সহায়তায় তাঁকে তিনটি ক্লিনিকে নিয়ে যাই, কিন্তু কোথাও চিকিৎসক ছিল না। পরে তিনি মারা যান।’


নিহতের মা হালিমা খাতুন বলেন, ‘আমার ছেলে প্রতিদিন কাজ শেষে বাড়ি ফিরে আসে। কিন্তু বৃহস্পতিবার রাতে বাড়ি না ফেরায় চিন্তায় ছিলাম। হঠাৎ খবর আসে, সে মারা গেছে।’


প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, দুর্ঘটনার পরপরই তাঁরা শহরের অন্তত তিনটি বেসরকারি ক্লিনিকে হান্নানকে নিয়ে যান, কিন্তু কোথাও চিকিৎসক ছিলেন না। তাদের দাবি, চিকিৎসা পেলে হয়ত তাঁকে বাঁচানো যেত।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, ‘ভ্যান থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’



কমেন্ট বক্স
notebook

যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা