চুয়াডাঙ্গা জজ কোর্টের আইনজীবী সাজ্জাদ হোসেন রকি (৪০) আর নেই। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। সাজ্জাদ হোসেন রকি অ্যাড. সোহরাব হোসেনের ছেলে। গতকাল বুধবার বাদ জোহর জান্নাতুল মাওলা কবরস্থানে জানাজা শেষে একই স্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সাজ্জাদ হোসেন রকির মরদেহ চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি চত্বরে নিয়ে আসা হয়। এসময় জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ, নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইবুনাল আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ^াসসহ অন্যান্য বিচারকবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, সাধারণ সম্পাদক আহসান আলী, পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সরোয়ার বাবু, নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এম শাহজাহান মুকুল, সরকারি কৌশুলী (জিপি) আব্দুল খালেক, সহকর্মী আইনজীবীবৃন্দ ও মোহরারবৃন্দ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক আহসান আলী জেলা আইনজীবী সমিতির সদস্য সাজ্জাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও পরিবারে সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মরহুম সাজ্জাদ হোসেন রকির স্মরণে জজকোর্টে কোর্ট রেফারেন্স ও এরপরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হবে। এছাড়া, আগামীকাল শুক্রবার বাদ আছর জান্নাতুল মাওলা জামে মসজিদে মরহুমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সমীকরণ প্রতিবেদক