মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা

দুদিনে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশি আটক

  • আপলোড তারিখঃ ০১-০৭-২০২৫ ইং
দুদিনে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দুই দিনে পৃথক অভিযানে অবৈধভাবে বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে ১৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন। তারা সবাই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ খোসালপুর, বাঘাডাঙ্গা ও বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় তাদের আটক করা হয়। 


গতকাল মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত ৯টায় খোসালপুর বিওপি এলাকায় সীমান্ত পিলার ৬০/৭৪-আর সংলগ্ন মেহগনি বাগান থেকে চার নারীকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. গোলাম মাওলা। এরপর গতকাল সকাল ১০টায় বাঘাডাঙ্গা বিওপি এলাকার সীমান্ত পিলার ৬০/৩৭-আর থেকে আরও দুইজন-একজন নারী ও এক যুবক আটক হন। আটক যুবক ঢাকা সাভারের আফাজ উদ্দিনের ছেলে সজিব (২৪)। একই দিন দুপুর ১২টায় বাঘাডাঙ্গা গ্রামের দুইতলা মসজিদের সামনে থেকে আরও দুইজনকে (এক নারী ও এক শিশু) আটক করে বিজিবি।



সর্বশেষ, বেলা দেড়টার দিকে বেনীপুর বিওপির সীমান্ত পিলার ৬১/১৪-এস এলাকার মেহগনি বাগান থেকে আটক করা হয় সাতজনকে। তাদের মধ্যে দুই পুরুষ- কক্সবাজারের ভাগ্য ধর দাসের ছেলে রবিন দাস (২৬) ও  জয় দাসের ছেলে শুভ কান্তি দাস (৪৪)। এছাড়াও কক্সবাজারের বাসিন্দা দুই নারী ও তিন শিশুকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে। বিজিবির দাবি, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।



কমেন্ট বক্স
notebook

যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা