আলমডাঙ্গা পৌর এলাকার ধর্মতলার তিন রাস্তার মোড়ে জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার আয়োজনে কর্মী ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। গত ৫৪ বছরে যারা এ দেশ শাসন করেছে, তারা ক্ষুধা-দারিদ্র্য ও সন্ত্রাসমুক্ত একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারেনি। শিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ না থাকায় দেশে বেকারত্ব বেড়েই চলেছে। এতে বাড়ছে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের অভিশপ্ত জীবন।’
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী ইনসাফভিত্তিক সমাজ ও কল্যাণকামী রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করছে। জনগণের সহযোগিতা পেলে আমরা জনকল্যাণমুখী, উৎপাদনশীল, আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে পারব। আমি আপনাদের সন্তান। আসুন, আমরা সবাই মিলে দেশের সাধারণ মানুষের জন্য কাজ করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সমর্থন, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা চাই।’
সমাবেশে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর জামায়াতের আমীর মাহের আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক নূর মোহাম্মদ হুসাইন টিপু, আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম এবং আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল।
বক্তব্য দেন পৌর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী, সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন, সহকারী সেক্রেটারি সাইফুল্লাহ হাসান, প্রভাষক শাহীন শাহিদ, সামসুল আরেফিন রিপন, শেখ রবিউল ইসলাম, প্রভাষক আব্দুল কুদ্দুস, মোশাররফ হোসাইন, মাওলানা শফী উদ্দিন, মাওলানা আশরাফুল আলম, মোহাম্মদ হানিফ, শামীম রেজা ও আল-আমিন প্রমুখ।
এর আগে দুপুরে জেলা জামায়াতের সদর অফিসে মহিলা ও শ্রমিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। এ সময় উপস্থিত ছিলেন সদর জামায়াতের আমীর মাওলানা বিলাল হুসাইন, সেক্রেটারি গোলাম রসুল এবং অফিস সম্পাদক মাসুদুর রহমান প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক