দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে চাঁদাবাজির অভিযোগে সমুয়েল মন্ডল মোংলা (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। তিনি কার্পাসডাঙ্গা মিশন পাড়ার মৃত শান্তনা মন্ডলের ছেলে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে এলাকাবাসী তাকে ধরে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে। এ ঘটনায় স্বপন মন্ডল বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ জানুয়ারি তারিখে বাঘাডাঙ্গা মিশন পাড়ার অনন্ত মন্ডলের ছেলে স্বপন মন্ডলকে কার্পাসডাঙ্গা হাইস্কুলের পেছনে ডেকে নিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে এক লাখ টাকা চাঁদা দাবি করে সমুয়েল মন্ডল ও তার সঙ্গে থাকা আরও তিন-চারজন। একপর্যায়ে স্বপনের পরিবারের সদস্যরা এসে তাদের চাহিদা অনুযায়ী টাকা দিয়ে স্বপনকে ছাড়িয়ে আনে।
এরপর চলতি মাসের ২৩ তারিখ সকাল সাড়ে ৭টার দিকে বাঘাডাঙ্গায় নিজ বাড়িতে অবস্থানকালে ফের স্বপনের কাছে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে সমুয়েল। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারমুখী আচরণে লিপ্ত হয়। এক পর্যায়ে স্বপনের মুখে সজোরে থাপ্পড় মেরে আহত করে। এ সময় সমুয়েল হুমকি দিয়ে বলে, ‘টাকা না দিলে তোকে এখানেই খুন করিয়া ফেলিব।’ পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
প্রতিবেদক দামুড়হুদা