শতবর্ষপূর্তি উপলক্ষে নানা আয়োজনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে শুরু হয়েছে ৪০ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম জজ্ঞানুষ্ঠান। দেশ, জাতি ও বিশ্বজননীর সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় আয়োজিত এই নামযজ্ঞ চলবে আগামী ২৮ জুন, শনিবার পর্যন্ত। মুন্সিগঞ্জ হরিবাসর নাট মন্দিরে গত শনিবার শ্রীমদ্ভাগবত গীতাপাঠের মধ্য দিয়ে শুরু হয় শতবর্ষের এ আয়োজনে। পরদিন রোববার অনুষ্ঠিত হয় অধিবাস কীর্তন। আজ সোমবার থেকে শুরু হচ্ছে মূল মহানাম যজ্ঞ, যা চলবে ২৭ জুন শুক্রবার পর্যন্ত, নিরবচ্ছিন্ন ৪০ প্রহরব্যাপী।
নামযজ্ঞের সমাপ্তি দিবসে, আগামী ২৮ জুন শনিবার আয়োজন করা হবে মহাপ্রভুর ভোগ আরাধনা, কুঞ্জনগর কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ। এদিনই হবে উৎসবের পরিসমাপ্তি। শতবর্ষপূর্তি উপলক্ষে এবারের উৎসব ঘিরে নেওয়া হয়েছে বিশেষ আয়োজন। মহানাম সুধা পরিবেশন করবেন গৌর-গদাধর সম্প্রদায়, নিত্যানন্দ সম্প্রদায়, শ্রীনন্দন সম্প্রদায়, বাবা লোকনাথ সম্প্রদায়, জগৎবন্ধু সম্প্রদায়, শিশুবন্ধু সম্প্রদায়, শিশু কৃষ্ণ সম্প্রদায় এবং রামকৃষ্ণ সম্প্রদায়ের ভক্তবৃন্দ। নামযজ্ঞের সার্বিক আয়োজনে রয়েছে মুন্সিগঞ্জ নামযজ্ঞ উদ্যাপন কমিটির ভক্তবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক