সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাদক ও বাল্যবিবাহ রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান
  • আপলোড তারিখঃ ২০-০৬-২০২৫ ইং
আলমডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। সভায় ইউএনও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। মাদকবিরোধী অভিযানে তথ্য প্রদান ও স্পট চিহ্নিতকরণে স্থানীয়দের সহযোগিতা অপরিহার্য। পাশাপাশি বাল্যবিবাহ বন্ধে তথ্য প্রদান, ইভটিজিং রোধে পারিবারিক ও সামাজিক কাউন্সেলিং বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার। ডা. শারমিন বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের দৌরাত্ম অনেকটা কমানো সম্ভব হয়েছে। আমরা জনগণকে সমানভাবে সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছি।’ তিনি আরও বলেন, চিকিৎসার ক্ষেত্রে রোগীর সামাজিক অবস্থান নয়, তার সেবা পাওয়াই অগ্রাধিকার।


সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক, আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। ওসি বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে রাখতে পারলে আইনশৃঙ্খলাও নিয়ন্ত্রণে থাকে। আলমডাঙ্গা শান্তিপূর্ণ এলাকা। মাদকের তথ্য পেলে তাৎক্ষণিক জানাতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ সদা প্রস্তুত।’


আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম বলেন, শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিয়ন্ত্রণ আনা, কৃষিজমি থেকে মাটি কাটা বন্ধ এবং গাছ কাটার অপতৎপরতা রোধে ব্যবস্থা নিতে হবে। এছাড়া উচ্চশব্দে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ ও স্কুল-কলেজ চলাকালীন বখাটেদের উৎপাত ঠেকানোর বিষয়ে গুরুত্বারোপ করেন তারা।


সভায় বক্তারা আরও বলেন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কোটপাড়া এলাকার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ২ নম্বর ওয়ার্ডের হাজি মোড় থেকে মুক্তিযোদ্ধা কাজী কামালের বাড়ি পর্যন্ত রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি তোলেন তারা। কলেজ রোড, রথতলা থেকে লোকমান ক্লিনিক পর্যন্ত রাস্তা সংস্কারের বিষয়েও জোর আলোচনা হয়। বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারীদের, নাগরিক কমিটি, ব্যবসায়ী সংগঠনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়।


সভায় আরও বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন, মহিলাবিষয়ক কর্মকর্তা মাখসুরা জান্নাত, মৎস্য কর্মকর্তা আবদুস সাত্তার, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আউয়াল, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, ইউপি চেয়ারম্যান আসাদুল হক মিকা, এমদাদুল হক, কলেজের প্রভাষক সুরাইয়া জেসমিন, সহকারী অধ্যাপক জিয়াউল হক, ফায়ার সার্ভিস কর্মকর্তা আল মামুন, হারদী হাসপাতালের প্রকল্প কর্মকর্তা হিরোজ কবির, ইসলামিক ফাউন্ডেশনের আখতারুজ্জামান, শিক্ষক হাসিনুর রহমান, গ্রাম আদালত সমন্বয়কারী সাইদুজ্জামান প্রমুখ। সবশেষে ইউএনও শেখ মেহেদী ইসলাম উপস্থাপিত সমস্যাগুলোর গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী